সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর। যিনি নর ও নারী উভয়কেই শরীয়তের বিধান জেনে আমল করার আদেশ দিয়েছেন। দরূদ ও সালাম শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার পবিত্র জীবনীতে রয়েছে নর ও নারী উভয়ের জন্য উত্তম আদর্শ।
পৃথিবীব্যাপী ইবলিসী চক্রান্তের শিকার হয়ে মুসলিম জাতি আজ আত্মপরিচয়, স্বীয় মান-মর্যাদা, শ্রেষ্ঠত্বের ইতিহাস ও ইসলামী জীবন দর্শন ভুলে যাওয়ার পথে। শত্রুদের প্রধান ও প্রথম লক্ষ্যবস্তু আমাদের শিক্ষা ও সংস্কৃতি। এ ক্ষেত্রে আমাদের নারী প্রজন্ম রয়েছে অধিক আশঙ্কার স্থানে। কারণ, আদর্শ ইসলামী সমাজ গঠনে আমাদের মূল ভিত্তি হচ্ছে নারী। নারীই নতুন প্রজন্মকে সৎ-আদর্শবান বানাতে মূল ভূমিকা পালন করে। আবার এই নারীর কারণেই নতুন প্রজন্ম মূর্খতার স্রোতে ভেসে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। একজন নারী একই সাথে মা, স্ত্রী, বোন, শিক্ষিকা, প্রতিপালনকারিণী। নারীজাতি পুরো জাতির অর্ধেক। পাশাপাশি অপর অর্ধেক অংশকে গড়ার প্রথম কারিগর। সুতরাং নারীজাতি পথ হারালে পুরো জাতিই পথ হারাবে। এ কারণেই নারীজাতির সংশোধন ও শিক্ষা-দীক্ষার প্রতি ইসলাম অত্যধিক গুরুত্ব দিয়েছে।
আলহামদুলিল্লাহ! নারী প্রজন্মের শিক্ষা ও দীক্ষার বিষয়ে এ দেশে বিজ্ঞ উলামায়ে কিরামের ফিকর ও মেহনত অব্যাহত আছে। সময়োপযোগী কারিকুলাম ও ব্যবস্থাপনা নিয়ে আল-ঈমান গার্লস মাদরাসাও আদর্শ নারীজাতি গঠনের এই মহান খেদমতে শরীক থাকতে চায়। সে লক্ষ্যেই এই মাদরাসার অগ্রযাত্রা। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে কবুল করুন। আমীন।